আইটি শিক্ষকদের ইভিএম পরিচালনা শেখাচ্ছে ইসি

২৫ জুন, ২০২০ ১২:৩৯  
ভবিষ্যতে সব নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এই ইভিএমে । সেই লক্ষ্যে এবার অনলাইনে দেশজুড়ে আইসিটি শিক্ষকদের পরিচালনা শেখাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৫ জুন) থেকে সারাদেশের পাঁচ হাজার ১৯০ জন শিক্ষককে তাদের কর্মস্থলে ইভিএমের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন ইসির ৪৫ জন প্রশিক্ষক। সূত্রমতে, এরআগে নির্বাচন কমিশনের ৫১৯টি উপজেলা/থানা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষকদের বাছাই করা হয়। আলোচনার ভিত্তিতে প্রতি উপজেলা/থানা থেকে ১০ জন আইটি জ্ঞানসম্পন্ন শিক্ষকের তালিকা করে নির্বাচন কমিশন। আর প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ইসির ৪৫ জন প্রশিক্ষক ১ হাজার করে টাকা এবং ক্ষকদের জনপ্রতি ৮০০ টাকা ভাতা ও ১৬০ টাকা ইন্টারনেট বিল দেওয়ার সিদ্ধান্ত হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মুহাম্মদ ফজলুর রহমান জানিয়েছেন, যেসকল আইটি জ্ঞানসম্পন্ন শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তারাই নির্বাচনের সময় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষক হিসেবে কাজ করবেন। উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রয়োজনীয় আইটি সহায়তা সরবরাহ করবেন।